ভাঙ্গার ওসি ও চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং একটি অনলাইন পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ পাঁচজনের বিরুদ্ধে গত বুধবার আদালতে মানহানির মামলা হয়েছে। ভাঙ্গার একজন ইট, বালু ও পরিবহন ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলার অন্য চার আসামি হলেন অনলাইন পত্রিকা ই-বাংলা ডটকমের ফরিদপুরের ব্যুরো প্রধান বিপ্লব কুমার দাস, সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকাশক মো. নাজমুল হাসান ও নির্বাহী সম্পাদক গোলাম মোর্শেদ। মামলায় ওসি মিজানুর রহমানকে ৫ নম্বর আসামি করা হয়েছে।
মামলা দায়েরকারী ওই ব্যবসায়ীর নামও মিজানুর রহমান। ফরিদপুর ২ নম্বর আমলি আদালতে করা মামলার আরজিতে মিজানুর বলেছেন, তিনি নিয়মিত আয়কর পরিশোধ করেন। পৈতৃক সূত্রে তিনি ৫০ বিঘা জমি পেয়েছেন। এ ছাড়া তিনি ইট, বালু ও পরিবহন ব্যবসায়ী। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় ভাঙ্গা থানার পাশেই। থানার ওসি মিজানুর রহমান সম্প্রতি তাঁর কাছে দুই লাখ টাকা মাসোহারা দাবি করেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওসি ১৮ জুন বাড়িতে লোক পাঠিয়ে তাঁকে থানায় ডেকে নেন। এরপর এজাহারে নাম না থাকা সত্ত্বেও পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে থানাহাজতে রেখে অন্য চার আসামিকে তাঁর ছবি তোলার সুযোগ করে দেন। পরে ওই চার আসামি তাঁদের পত্রিকায় তাঁকে ‘ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেন। তিনি ১৯ জুন আদালত থেকে জামিনে মুক্ত হন। আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও মিথ্যা সংবাদ প্রকাশ করে তাঁর পাঁচ কোটি টাকার মানহানি ঘটিয়েছেন বলে আরজিতে মিজানুর দাবি করেন।
মামলার বাদীর আইনজীবী রেজাউল করিম বলেন, মামলাটি আমলে নিয়ে ফরিদপুর ২ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম ফয়সাল আল-মামুন ভাঙ্গার ইউএনওকে তদন্ত করার আদেশ দিয়েছেন। আগামী ৮ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।