ভাঙ্গার ১২ ইউপির ১০টিতে বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১০টিতেই চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এ উপজেলার হামিরদী ইউপিতে দেলোয়ার হোসেন ও নাসিরাবাদ ইউপিতে মো. ছবুর খান বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন।
উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ১২টি ইউনিয়নেই প্রার্থী দিয়েছে।
মাত্র দুটি ইউপিতে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘১১টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু তাঁদের কয়েকজনের মনোনয়পত্র বাতিল হয়েছে। আর অন্যদের ভয়ভীতি দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে।’ তবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় মানিকদহে জাফর মুন্সী ও ঘারুয়া ইউপিতে মো. আলীমুজ্জামানের প্রার্থিতা বাতিল হয়েছে। এঁরা দুজন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। আর দলটি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন চারজন। তাঁরা হলেন কাউলীবেড়া ইউপিতে সবুজ জমাদ্দার, কালামৃধায় হাসান ব্যাপারী, নুরুল্লাগঞ্জে জাহিদ হোসেন, চুমুরদী ইউপিতে মিলন মোল্লা।
চুমুরদী ইউপিতে মনোনয়ন প্রত্যাহারকারী বিএনপির প্রার্থী মিলন মোল্লা বলেন, তিনি কোনো ভয়ে বা হুমকির কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস্কেন্দার আলী খলিফা বলেন, এ উপজেলায় বিএনপির ভোট কম। এ জন্য দলটির অনেকে দলীয় প্রতীক বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, কালামৃধা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন লিটু মাতুব্বর, যিনি ইউনিয়ন বিএনপির সভাপতি।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘কারও মনোনয়নপত্র বাতিল হলে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করার সুযোগ আছে। আমার কাছে বিএনপির কোনো প্রার্থী আপিল করেননি। কেউ যদি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ান, সে ক্ষেত্রে কিছুই করার থাকে না।’