ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে অজ্ঞাত রোগে চার দিনের ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে এদের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত দুজন ও তাদের পরিবারের অন্য সদস্যদের রক্ত সংগ্রহ করে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) পাঠানো হয়েছে।আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পশ্চিম আলগী গ্রামের জেলে গৌরাঙ্গ বিশ্বাসের স্ত্রী করুণা বিশ্বাস (৩০) জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত হয়ে ১৩ জানুয়ারি নিজ বাড়িতে মারা যান। ওই দিন বিকেলে তাঁর মেয়ে দীপ্তি বিশ্বাস (১১) একই রোগে আক্রান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৬ জানুয়ারি সেখানে তার মৃত্যু হয়। একই রোগে আক্রান্ত হয়ে গৌরাঙ্গের ভাতিজি সানু বিশ্বাস (১০) গতকাল ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। জানা গেছে, এরা সবাই খেজুরের রস পান করেছিল এবং এলাকায় বাদুড়েরও প্রাদুর্ভাব রয়েছে।খবর পেয়ে আইসিডিডিআরবির বিশেষজ্ঞ চিকিত্সক শাহেদ সাজ্জাদ ও আইইডিসিআরের বিশেষজ্ঞ চিকিত্সক হাসান আমিন গত শনিবার ফরিদপুরের ভাঙ্গার পশ্চিম আলগী গ্রাম পরিদর্শন করেন এবং রক্তের নমুনা সংগ্রহ করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করুণা কান্তি দে বলেন, ‘করুণা রানীর মৃত্যুর পর যখন তাঁর মেয়ে দীপ্তি একই রোগে আক্রান্ত হয়, তখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। মেডিকেল হাসপাতাল থেকে এটিকে নিপাহ ভাইরাসজনিত রোগ বলে সন্দেহ করে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রকে জানানো হয়।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় মাঝেমধ্যে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা শোনা যায়। বাংলাদেশের ফরিদপুর, রাজবাড়ী ও পাবনায় এ জাতীয় ভাইরাস এর আগে শনাক্ত করা হয়েছে। ২০০৪ সালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। তিনি বলেন, নিপাহ ভাইরাসের জীবাণু শরীরে প্রবেশ করলে ১৫ দিনের মধ্যে তাকে আক্রান্ত করে। এ রোগের চিকিত্সা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৮০ শতাংশ।ফরিদপুরের অতিরিক্ত সিভিল সার্জন তপন কুমার বিশ্বাস বলেন, বিশেষজ্ঞ দল এক পরিবারে তিন সদস্যের মৃত্যুকে নিপাহ ভাইরাসজনিত মৃত্যু বলে সন্দেহ করছে।আইইডিসিআরের বিশেষজ্ঞ চিকিত্সক হাসান আমিন প্রথম আলোকে বলেন, ‘নিপাহ ভাইরাসের কারণেই এক পরিবারের ওই তিন সদস্য মারা গেছে বলে আমরা সন্দেহ করছি। দুই দিনের মধ্যে রক্ত পরীক্ষার প্রতিবেদন জানা যাবে।’ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল সকালে আমরা কয়েকজন পশ্চিম আলগী গ্রাম পরিদর্শন করেছি। গ্রামবাসীকে কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছি।’