ভাঙ্গায় অপহরণে সহায়তার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের পাঁচ যুবকের অপহরণে সহায়তার অভিযোগে পুলিশ গতকাল শনিবার সৈয়দ মবিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, পাঁচজনকে অপহরণে সহায়তাকারী নীরবের ভাই এই মবিন। নীরবের প্রকৃত নাম সৈয়দ মাসুম ওরফে নীরব। তাঁর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বড়খারদিয়া গ্রামে। গতকাল বিকেলে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে মবিনকে (১৮) আটক করা হয়। ওসি বলেন, ভাঙ্গা থানায় মবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে অপহরণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। অপহূত পাঁচ যুবক হলেন: সোবহান খান, রুবেল খান, বেলায়েত খান, ফয়েজ হাওলাদার ও কাইয়ুম মুন্সী। তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ওই যুবকদের ৬ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে ভাঙ্গার মালিগ্রাম ও পুলিয়া এলাকা থেকে অপহরণ করা হয়। এলাকাবাসীর ভাষ্যমতে, অপহূত পাঁচ যুবক মুঠোফোনের প্রতারণামূলক ব্যবসার সঙ্গে জড়িত। সাত-আট মাস আগে তাঁদের সঙ্গে পাশের নগরকান্দা উপজেলার আলগাদিয়া গ্রামের নীরবের পরিচয় হয়। তিনি তাঁদের প্রতারণামূলক ওই ব্যবসার জন্য মুঠোফোনের সিম সরবরাহ করতেন। এদিকে অপহরণের ১১ দিনেও খোঁজ না মেলায় পাঁচ যুবকের পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। অপহূত রুবেলের মা রাশিদা বেগম বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ের মধ্যে রুবেল বড়। স্বামী নূর ইসলাম থাকেন সৌদি আরবে। তিনি বলেন, ‘একমাত্র ছেলেকে উদ্ধার করতে না পারলে আমি ওর বাবাকে কী উত্তর দেব?’ রুবেল ফরিদপুর জেলার সদরপুরের আটরশির একটি মাদ্রাসার ছাত্র। আগামী বছর তার দাখিল পরীক্ষা দেওয়ার কথা।জানতে চাইলে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির প্রথম আলোকে বলেন, ‘এ অপহরণের পেছনে পুলিশের কোনো সংস্থা জড়িত থাকলে তা আমার জানার কথা।’ তিনি বলেন, নিখোঁজ হওয়া যুবকেরা যে প্রতারণামূলক ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ এ অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে। অল্প কয়েকদিনের মধ্যেই অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।