ভাঙ্গায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে তিনজন আহত, আটক ৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর পুলিশ আটজনকে আটক করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় উপজেলার হামিরদী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন শুরু হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. ফারুখ হোসেন-সমর্থিত কাইউম মোল্লা ও মো. বুলু যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একপক্ষের প্রার্থী ছিলেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন-সমর্থিত হাবিবর রহমান ও আকমাল মীর।দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলন প্রস্তুতি কমিটি দুই পক্ষের সমর্থকদের পৃথকভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলেন। সবাই পৃথক দুটি সারিতে দাঁড়িয়ে পড়লে দেখা যায়, কাইউম মোল্লা-মো. বুলুর পক্ষের সারিতে লোক বেশি। এ সময় হাবিবর রহমান-আকমাল মীর পক্ষ অভিযোগ করে, স্থানীয় একজন বিএনপি নেতাও প্রতিপক্ষের পক্ষের সারিতে রয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে সিরাজ মাতব্বর (৪৮), মানিক ব্যাপারী (২৫) ও সজীব মুন্সী (২৫) আহত হন। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষই আহত তিনজনকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে।এদিকে সংঘর্ষের জের ধরে পরে এক পক্ষের সমর্থক হামিরদী গ্রামের ব্যবসায়ী খায়রুল শেখের বাড়িতে হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. ফারুখ হোসেন দাবি করেন, সম্মেলনে তাঁর সমর্থিত প্যানেলের নিশ্চিত বিজয় ভেস্তে দিতে প্রতিপক্ষ তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।তবে অন্য পক্ষের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের সারিতে এক বিএনপি নেতার উপস্থিতি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের আটজনকে আটক করা হয়েছে।