ভাঙ্গায় আ.লীগের সম্মেলনে সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরাল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক এক নম্বর (বর্তমান ১, ২, ৩) ওয়ার্ডের সম্মেলনকে কেন্দ্র করে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নূরাল্লাগঞ্জ গ্রামের নাটমন্দিরের চত্বরে শুক্রবার বিকেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মীর আশরাফ আলী ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের নেতৃত্বে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।সম্মেলনের দায়িত্বে নিয়োজিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব মিয়া জানান, সম্মেলনে কমিটি গঠনের আগে কোন দলে কত জন সদস্য আছেন, তাঁদের লাইন করে দাঁড়াতে বললে বর্তমান চেয়ারম্যান আশরাফ আলীর সমর্থক শামীম মীর সারিতে দাঁড়িয়ে জনমত দেখার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আশরাফের সমর্থক সলেমান মাতুব্বর (৬০) ও কিবরিয়া মাতুব্বর (৩০) এবং লুৎফরের পক্ষের কিবরিয়া মোল্লা (৬০) ও শামসুল হক (২৮) আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আশরাফ মীর বলেন, ‘লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক বাধলে আমি থামাতে যাই, কিন্তু পরে গ্রামের লোক দুই পক্ষ হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।’ লুৎফর রহমান বলেন, ‘গ্যাঞ্জাম লাগার সাথে সাথে আমি কাইটা পড়ি। তাই পরে কী হইছে আমার জানা নাই।’