ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক। এলাকাবাসী এ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আহ্বান করেন। কিন্তু উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বাজারটিকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার পক্ষে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সকাল আটটার দিকে মালিগ্রাম বাজারকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার পাঁয়তারার প্রতিবাদে এলাকাবাসী নিষেধাজ্ঞা থাকা এলাকার ২০০ গজ দূরে মালিগ্রাম-কাউলিবেড়া আঞ্চলিক সড়কে অবস্থিত পরিবারকল্যাণকেন্দ্রের উত্তর পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা পৌনে ১১টার দিকে নিষেধাজ্ঞা থাকা এলাকার বাইরে বাজারের প্রবেশপথে ভবনের সামনে পৌরসভায় অন্তর্ভুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে যুবলীগ-ছাত্রলীগ। মালিগ্রাম বাজারের মুদি দোকানদার মো. হাই (৪৫) বলেন, ‘আমরা মুখ্যসুখ্য মানুষ। লাভ-লোকসান বুঝি না, আমরা পৌরসভা চাই না।’ ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক জানান, উপজেলা পরিষদের মূল আয়ের উৎস এই বাজার। এটি পৌরসভা নিয়ে গেলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডসহ যাবতীয় কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে।ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশেই জেলা প্রশাসক এ গণবিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, গণবিজ্ঞপ্তির প্রতিবাদ মানববন্ধন হতে পারে না। ওই এলাকার লোকদের কোনো আপত্তি থাকলে তা তাঁর কাছে লিখিত আকারে জানাতে হবে। তিনি বলেন, মালিগ্রাম বাজার ও গরুর হাট লাভজনক হওয়ায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ এ উদ্যোগের বিরোধিতা করছে।