ভাঙ্গায় একজনকে কুপিয়ে হত্যা দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হোগলাডাঙ্গি সদরর্দি ও শিলাধরচর সদরর্দি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে গতকাল সোমবার একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছে। এ সময় চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।জানা গেছে, শিলাধরচর সদরর্দি গ্রামটি ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিএনপির সমর্থক আবুল কালামের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর মধ্যে দির্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।গত রোববার বিকেলে একটি ইভ টিজিংয়ের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল সোমবার ভোর থেকে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে সকাল সাতটার দিকে ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমামুর রশিদ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জগদীশ চন্দ্র মারো ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।কিন্তু সকাল সাড়ে আটটার দিকে কালামের সমর্থনে পাশের ৮নং ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদরর্দি এলাকার কাউন্সিলর লিয়াকত হোসেন এগিয়ে এলে এলাকায় আবার উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সৈয়দ আলীর ভাতিজা ভাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মন্টু শেখকে (৪০) হোগলাডাঙ্গি এলাকায় আটক করে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনার পর শিলাধরচর সদরর্দি গ্রামের সহস্রাধিক জনতা সংঘবদ্ধ হয়ে লিয়াকতের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। জনতা হোগলাডাঙ্গি সদরর্দি এলাকার লিয়াকত মোল্যা, ইলিয়াস মোল্যা, সাহা মোল্যা ও সিদ্দিক মোল্যার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি মাইক্রোবাসেও আগুন দেওয়া হয়।ফরিদপুর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সদরপুর থানা থেকে পুলিশের একটি দল তাঁদের সঙ্গে যোগ দেয়। এ ছাড়া ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিজানুর রহমান (৩৫) ও সাইদুর ফকির (২৭) নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, হোগলাডাঙ্গি এলাকার বাচ্চু মোল্যা (৪৩) ও রানা মোল্যা (২৪)। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।সৈয়দ আলী প্রথম আলোকে জানান, রোববার শিলাধরচর বাজারে লিয়াকতের লোকজন আমার কয়েকজন সমর্থককে মারধর করে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে লিয়াকতের সমর্থকদের হাতে মন্টু নিহত হলে লিয়াকতের লোকজন পরিকল্পিতভাবে নিজেদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।তবে লিয়াকত হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, নিজেদের লোকজনের হাতে মন্টু নিহত হয়েছেন। এ ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্যই মারধর ও ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারা আমার ঘরসহ চারটি ঘর পুড়িয়ে দিয়েছে। ২০টি বাড়ি লুট করেছে।ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।