ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর সাড়ে তিনটায় ভাঙ্গাবাসীর উদ্যোগে উপজেলার চণ্ডীদাসদি মুন্সিবাড়ী ঘাট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। দেড় কিলোমিটার দূরে শিলাধরচর শাহ সাহেবের ঘাটে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়। ভাঙ্গাবাসীর পক্ষে প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতউল্লাহ সাকলাইন প্রথম আলোকে বলেন, ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক দল এ নৌকাবাইচে অংশ নেয়। নৌকাবাইচ উপলক্ষে উপজেলা সদরজুড়ে পল্লি মেলার আয়োজন করা হয়েছে।নৌকাবাইচে প্রথম হয়েছেন মাদারীপুরের কদমবাড়ী এলাকার শুকলাল গাইন, দ্বিতীয় হয়েছেন ভাঙ্গার আলগির শরিফুজ্জামান এবং তৃতীয় হয়েছেন গোপালগঞ্জের কলিগ্রামের বিশ্বজিৎ বৈদ্য।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দলীয় স্থানীয় সংসদ সদস্য নিলুফা জাফরউল্লাহ।