ভাঙ্গায় গম কেনায় অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অনিয়মের অভিযোগ ওঠার পর সরকারিভাবে গম কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
১৫ এপ্রিল ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় সভায় ওই অনিয়মের অভিযোগ ওঠার পর জেলা খাদ্য বিভাগ ওই দিন থেকে ভাঙ্গায় গম কেনা স্থগিত করে একটি তদন্ত কমিটি গঠন করে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছর সরকারিভাবে ভাঙ্গা থেকে ১৮০২ মেট্রিক টন গম কেনার কথা। সরকার প্রতি কেজি গমের দাম ২৭ টাকা নির্ধারণ করেছে। ১ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়েছে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
ভাঙ্গার বিভিন্ন হাটবাজারে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি গুদামে কৃষকদের কাছ থেকে কোনো গম কেনা হচ্ছে না। তাই বাধ্য হয়ে কৃষকেরা হাটবাজারে ২০ থেকে ২২ টাকা কেজি দরে গম বিক্রি করছেন। কৃষকেরা জানান, প্রত্যেক কৃষককে খাদ্যগুদামের সিল লাগানো বস্তা সরবরাহের কথা থাকলেও তা বিতরণ করা হয়নি। সরকারি গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে কৃষকেরা বস্তা আনতে গেলে তিনি বস্তা না দিয়ে টালবাহানা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ এপ্রিল রাতে বেশ কিছু গমভর্তি ট্রাক ও পিকআপ ভ্যান খাদ্যগুদামে ঢোকাতে গেলে সাধারণ জনগণ ও কৃষকেরা বাধা দেন। একপর্যায়ে গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গম ফেরত পাঠান।
উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেন অভিযোগ করেন, কৃষকদের কাছ থেকে গম না কেনায় তাঁরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশ করে খাদ্যগুদামের কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে গম কিনে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জাকির হোসেন।
গম কেনায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে ভাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন দাবি করেন, ‘আমরা এ পর্যন্ত ৮৪০ টন গম কিনেছি। গুদামে জায়গাসংকটের কারণে গম কেনা বর্তমানে স্থগিত রয়েছে।’
ফরিদপুর জেলা খাদ্য কর্মকর্তা আবু নাইম মো. শফিউল হক বলেন, অনিয়মের অভিযোগ ওঠার পর ওই কেন্দ্রে গম কেনা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।