ভাঙ্গায় ছাত্রলীগের সমাবেশে পণ্ড সাংসদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিরোধের মুখে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর তিনটি কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ ঘটনার জন্য তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে দায়ী করেছেন।
সাংসদ মজিবুর রহমান বলেন, ‘উনি (জাফরউল্লাহ) লাশের রাজনীতি শুরু করেছেন। উনি লাশ চান। কিন্তু এলাকার সাংসদ হিসেবে আমি জনগণের শান্তি চাই। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে আজকের কর্মসূচি প্রত্যাহার করলাম।’
গত শুক্রবার সাংসদ মজিবুর রহমান ভাঙ্গায় তিনটি কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে ছিল গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা বাজার এলাকায় অসুস্থ ব্যবসায়ী নেপাল সাহা ও কাশিনাথ সাহার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া। এদিন বেলা ১১টার দিকে ভাঙ্গা কলেজ পাড় এলাকায় খালের ওপর নির্মিতব্য সেতুর কাজ পরিদর্শন এবং দুপুর ১২টায় ছিলারধর শ্মশানখোলা-সংলগ্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে যাওয়া। সোমবার উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ সাংসদের তিনটি কর্মসূচি পালনের স্থানে মঙ্গলবার একই সময়ে কর্মী সমাবেশের ডাক দেয়।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ ভাঙ্গা বাজারে সাংসদের প্রথম কর্মসূচির জায়গা কাপড়পট্টি মার্কেটের সামনে কর্মিসভা করে। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সাংসদ মজিবুরের কঠোর সমালোচনা করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ‘২০ মার্চ ভাঙ্গা পৌরসভা নির্বাচন। কৌশলে প্রচারণা চালাতে সাংসদ কর্মসূচিগুলো দেন। পাল্টা কর্মসূচি দিয়ে তাঁর অপকৌশল বানচাল করেছি।’
কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে সাংসদ মজিবুর রহমান ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সংবাদ সম্মেলন করেন। সেখানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন। সাংসদ বলেন, ‘রোগী দেখতে উপজেলায় আসতে নিষেধ নেই। কাজী জাফরউল্লাহ যুদ্ধাপরাধী। তিনি একাত্তরে পাকিস্তানিদের খাবার সরবরাহ করতেন। তিনি নিজে রাজাকার হয়ে পৌর নির্বাচনে আরেক রাজাকারের ছেলেকে বঙ্গবন্ধুর নৌকা দিয়েছেন। এঁরাই আওয়ামী লীগকে নষ্ট করছে।’
মজিবুর আরও বলেন, ‘একজন রাজাকারকে ভাঙ্গা পৌরসভায় বসতে দেব না—এটা আমার চ্যালেঞ্জ। আওয়ামী লীগের নেতারা বলছেন, ভোটের দিন সকাল ১০টার মধ্যেই সব ভোট নিয়ে নেবেন। সকাল ১০টা কেন, রাত ১০টার মধ্যেও কেউ ভোট নিয়ে যেতে পারবে না। নির্বাচনে একটি ভোটও জাল হলে ভাঙ্গা তো দূরের কথা, ঢাকার গুলশানের বাসা থেকেও জাফরউল্লাহ বের হতে পারবেন না।’
এ বিষয়ে বক্তব্য জানতে কাজী জাফরউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেলেও তিনি ফোন ধরেননি।
কাজী জাফরউল্লাহর ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা যুবলীগের সভাপতি মামুন অর রশীদ বলেন, কাজী জাফরউল্লাহ লাশের রাজনীতি করেন না। বরং সাংসদ মজিবুরের স্ত্রীর মৃত্যুরহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কাজী পরিবারের সদস্যরা ছয়বার ভাঙ্গায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ রাজাকারের সন্তানকে মনোনয়ন দেয়নি। সাংসদের সমর্থিত প্রার্থীই মুসলিম লীগ ও বিএনপি-সমর্থিত পরিবারের লোক। কাজী জাফরউল্লাহকে বের হতে না দেওয়ার হুমকি সাংসদের হাস্যকর প্রলাপ। পৌরসভা নির্বাচনে সাংসদের সমর্থিত প্রার্থীর ভরাডুবি আঁচ করতে পেরে তিনি আবোলতাবোল বকছেন।