ভাঙ্গায় জাফরউল্লাহ ও নিক্সনের সমর্থকদের সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের সঙ্গে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। রেললাইনে বালু ভরাটের কর্তৃত্ব নিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ৫৩টি গুলি ছোড়ে। সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ দুপক্ষের মোট ২০ জন আহত হয়েছে। আহত লোকজনের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় একটি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গায় নতুন রেললাইন নির্মাণের কাজ চলছে। প্রথমে এ রেলপথে বালু ভরাটের কাজ পান কাজী জাফরউল্লাহর সমর্থক ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির।
গত ৫ জানুয়ারির নির্বাচনে কাজী জাফরউল্লাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ নির্বাচিত হন। এরপর নিজ সমর্থক ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ওবায়দুর রহমান শরীফকে এ কাজের দায়িত্ব হস্তান্তর করেন নিক্সন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে গতকাল শরীফের পক্ষের কামাল হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে রাজ্জাক ফকিরের লোকজন। এ ঘটনার পর রাজ্জাক ফকিরের গজারিয়া গ্রাম ও শরীফের জান্দি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রাতভর এ সংঘর্ষ চলে।
আজ সকাল আটটার দিকে দুই গ্রামের লোকজন আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। শটগানের ৫৩টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
সংঘর্ষে জামাল হোসেন (৩৬) ও মোজাম্মেল মাতুব্বর (৩০) নামের দুজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজনের কপালে ও অন্যজনের চোখে গুলি লেগেছে।
ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে আহত হন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান, লিয়াকত আলী ও কনস্টেবল শহিদুজ্জামান। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজ্জাক ফকির বলেন, সংঘর্ষে ওবায়দুর শরীফের লোকজন নওয়াপাড়া মোড়ে তাঁর তিন সমর্থক ওলিয়ার, রুবেল, ইয়াছিনের দোকান ভাঙচুর ও লুটপাট করে। এ ছাড়া জান্দী গ্রামে তাঁর সমর্থক বাবুল শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ওবায়দুর শরীফ দাবি করেন, সংঘর্ষে তাঁর পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ওয়াদুদ মাতুব্বরকে (২৭) চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।