ভাঙ্গায় ডাকাতি, গণপিটুনিতে দুজনের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শনিবার রাতে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ২০-২২ জনের একটি ডাকাতদল শনিবার গভীর রাতে উপজেলার দীঘলকান্দা গ্রামের গিয়াসউদ্দিন খালাসির বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে ডাকাতি শুরু করে। ঘটনা টের পেয়ে পাশের বাড়ি থেকে গিয়াসউদ্দিনের ভাই কাওসার খালাসি এগিয়ে আসার চেষ্টা করেও ডাকাতদলের ধাওয়া খেয়ে তিনি পালিয়ে যান। পাশের একটি বাড়িতে গিয়ে শাবল দিয়ে টিনের বেড়ায় আঘাত করে কাওসার এলাকাবাসীকে জাগিয়ে তোলেন। এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তিনজনকে আটক করে পিটুনি দেয়। পরে গ্রামের একটি পাটখেত থেকে আরও দুজনকে আটক করে পিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মাদারীপুর সদরের ঘটকচর এলাকার ইব্রাহিম ওরফে রাজা (৩০) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রীফলতলী গ্রামের উজ্জ্বল কাজী (৩৪) মারা যান। আহত অপর তিনজন হাসান মিয়া (২৫), জাহিদ শেখ (৩২) ও মোশাররফ মিয়াকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ব্যাপারে গিয়াসউদ্দিন খালাসি বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেছেন। এ ছাড়া গণপিটুনির ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে একটি মামলা করেছে।