ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত রোববার স্ত্রীকে ‘তালাক’ বলায় স্বামী ও স্ত্রীকে ২০টি করে দোররা মারার পর হিল্লা বিয়ের ফতোয়া দেওয়ায় তিন ফতোয়াবাজকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের মিন্টু মাতুব্বর গত ৩১ আগস্ট কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী জেসমিনকে মৌখিক তালাক দিয়ে বাড়ি থেকে চলে যান। দুই দিন পর জেসমিন তাঁর বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন পর মন্টু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু মাতব্বররা দাবি করেন, তালাক দেওয়ার পর হিল্লা বিয়ে না হওয়া পর্যন্ত স্বামী ও স্ত্রী একত্রে থাকতে পারবেন না।প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ সেপ্টেম্বর সালিস বৈঠকে স্বামী ও স্ত্রী উভয়কে ২০টি করে দোররা মারার সিদ্ধান্ত হয়। এরপর সালিসদাররা ফতোয়া দেন জেসমিনকে হিল্লা বিয়ে করতে হবে। দোররার রায় কার্যকর করার তিন মাস ১০ দিন পর এ হিল্লা বিয়ে হবে। এ হিল্লা বিয়ের তিন মাস পর মন্টু আবার জেসমিনকে বিয়ে করতে পারবেন।ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, গত রোববার জেসমিন ফতোয়াবাজি অভিযোগে এজাহার দায়ের করেন। পরে কাঞ্চন মোল্লা, ইয়াদ আলী ও জামাল মাতব্বরকে গ্রেপ্তার করা হয়।ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, ওই রাতেই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসেন। পরে আদালত প্রত্যেক ফতোয়াবাজকে ছয় মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।