ভাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ও আজ বুধবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রাম ও চান্দ্রা ইউনিয়নে দিঘলকান্দা গ্রামে পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো হাকিবুল হক (৪) ও সাজিদ হোসেন (৩)। হাকিবুল উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের কবির মোল্লার ছেলে। আর সাজিদ হোসেন একই উপজেলার নগরকান্দা পৌর এলাকার মুকুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হাকিবুল হক বাড়ির পাশের মাঠের পানিতে পড়ে যায়। পরে সন্ধ্যায় এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে। চান্দ্রা ইউনিয়নের ছয় নম্বর ইউনিটের সদস্য ময়ফুল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে সাজিদ হোসেন তার মায়ের সঙ্গে মনসুরাবাদ গ্রামে নানাবাড়ি বাড়ি বেড়াতে এসেছিল। আজ বেলা ১০টার দিকে সাজিদ বাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় সাজিদকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবক (পুরুষ নার্স) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।