ভাঙ্গায় ফেনসিডিল রাখার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল রাখার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছে।গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক এসকেন্দার হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলের হেডলাইট বক্স থেকে নয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তাঁরা ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের গতি রোধ করে। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের হেডলাইটের বক্সে রাখা নয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং চালকসহ ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।পুলিশ হেফাজতে চিকিৎসক মঞ্জুর মোর্শেদ দাবি করেন, তিনি ফেনসিডিলের ব্যাপারে কিছুই জানেন না। মোটরসাইকেলের চালক গোপনে ফেনসিডিল রেখে দিয়ে থাকতে পারেন। তবে তাঁর এ দাবি প্রত্যাখ্যান করে মোটরসাইকেলের চালক এসকেন্দার হাওলাদার জানান, ওই চিকিৎসক শুধু এবারই নয়, এর আগেও ফেনসিডিল বহনের জন্য তাঁকে ব্যবহার করেছেন।