ভাঙ্গায় বিশেষজ্ঞ দল অজ্ঞাত রোগে আরও পাঁচজন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত রোগে আরও দুজনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিত্সক এলাকায় এসেছেন। তাঁরা গতকাল বৃহস্পতিবার থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছেন। একই ধরনের রোগে আক্রান্ত হয়ে চিকিত্সা নিচ্ছেন আরও পাঁচজন। ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ওই ইউনিয়নে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। তাঁরা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরাও নিপাহ ভাইরাসে আক্রান্ত বলে চিকিত্সকেরা সন্দেহ করছেন।এদিকে নতুন করে মৃত্যুর ঘটনা ঘটায় ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ চিকিত্সক সাঈদ আমীন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ মোট তিনজন চিকিত্সক ঘটনাস্থলে এসে গতকাল থেকেই কাজ শুরু করেছেন। আলগী ইউপির চেয়ারম্যান মুন্সি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের শুকনি গ্রামের রতন সরদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এবং পশ্চিম আলগী গ্রামের মোহন মিয়া নিজ বাড়িতে অজ্ঞাত রোগে মৃত্যুবরণ করেন। এ ছাড়া ওই ইউনিয়নের পশ্চিম আলগী, শুকনি ও বিদ্যানন্দী গ্রামের আরও পাঁচজন অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার সকালে তিনজন ভর্তি হয়েছেন। তাঁরা হলেন পশ্চিম আলগীর আওয়াল মাতুব্বর (৭০), শুকনি গ্রামের শহিদুল (২২) ও হেমায়েত (১২)। এ ছাড়া পশ্চিম আলগী গ্রামের রাজিয়া বেগম (৩৫) ও বিদ্যানন্দী গ্রামের দেলোয়ারা (৪০) অসুস্থ হয়ে গ্রামেই চিকিত্সা নিচ্ছেন।