ভাঙ্গায় ব্যবসায়ী ও গৃহবধূর লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গার কুঠিবাড়ী মহেশ্বরদী গ্রাম থেকে এক গৃহবধূর এবং পীরেরচর গ্রাম থেকে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মহেশ্বরদী গ্রামের কৃষক বাকি শেখের ঘর থেকে তাঁর স্ত্রী পুষ্প আক্তারের (২৩) লাশ উদ্ধার করা হয়। বাকি শেখ দাবি করেন, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে তাঁর স্ত্রী ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।এর আগে সকাল নয়টার দিকে পীরেরচর গ্রামের কাপড় ব্যবসায়ী নূর মোহাম্মদের (২২) লাশ একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর ভাই নূরুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানের একটি আমগাছে নূর মোহাম্মদের লাশ গলায় রশি বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাঁরা থানায় খবর পাঠান।ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।