ভাঙ্গায় ভিজিএফের ৮ বস্তা চাল উদ্ধার চারজন গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের আট বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল ও ভিজিডির তিন বস্তা গম উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজার এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর অভিযানে নেতৃত্ব দেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার ব্যাপারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প কর্মকর্তা কাজী আবদুল আজিজ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান এস্কান্দার আলী, ইউপি সচিব ফখরুল ইসলাম ও উপজেলা সহশিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। আর ভিজিডির গম আত্মসাতের অভিযোগে উপজেলা সহকারী মহিলাবিষয়ক কর্মকর্তা রিনা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবসহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনের নামে ভাঙ্গা থানায় মামলা করেছেন।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, সোমবার সন্ধ্যায় কালামৃধা বাজারে অভিযান চালিয়ে সোনা ব্যবসায়ী কানাই লাল ঘোষের বাড়ি থেকে ভিজিএফের পাঁচ বস্তা, একই ব্যক্তির দোকান থেকে এক বস্তা, মনিরুদ্দিন বকশির বাড়ি থেকে দুই বস্তা চাল এবং আনোয়ার হোসেনের বাড়ি থেকে ভিজিডির তিন বস্তা গম উদ্ধার করা হয়।এ সময় এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার ব্যাপারী, আনোয়ার হোসেন, পলাশ ভক্ত ও সহদেব কর্মকার নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে ঈদের ছুটির পর রিমান্ডের শুনানি হবে মর্মে আদেশ দিয়ে আদালত তাঁদের ফরিদপুর জেলহাজতে পাঠিয়ে দেন।সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এস্কান্দার আলী খলিফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।