ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে চার দিনের ব্যবধানে একই পরিবারে মৃত্যুবরণকারী তিনজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছে। রক্তের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। ঢাকার মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান গত মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেজুরের রস পান না করা, বাদুড় থেকে দূরে থাকা এবং অন্য প্রাণীর খাওয়া ফল না খাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। গত সোমবার তিন সদস্যের একটি চিকিত্সক দল পশ্চিম আলগী গ্রাম পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে চিকিত্সকেরা জানিয়েছেন, ওই গ্রামে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের জেলে গৌরাঙ্গ বিশ্বাসের স্ত্রী করুণা বিশ্বাস (৩০) জ্বর ও মাথাব্যথাজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ জানুয়ারি নিজ বাড়িতে মারা যান। পরে তাঁর মেয়ে দিপ্তি বিশ্বাস (১১) ও ভাতিজি সানু বিশ্বাস (১০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।