ভাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গায় মৌমিতা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে ঘরের পাশে একটি সফেদাগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।
মৌমিতা ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের কৃষক মোশারফ হোসেনের মেয়ে। সে এম এ ওয়াজেদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার সকালে ভাঙ্গা থানার পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা বলেন, শনিবার রাত আটটার দিকে পড়াশোনা না করে টিভি দেখার কারণে মা-বাবা মৌমিতাকে বকা দেন। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে সফেদাগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ব্যাপারে মৌমিতার বাবা মোশারফ হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।