ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৫২) নামের এক পুলিশ কনস্টেবল ও তাঁর মেয়ে দীপা আক্তার (৩২) নিহত হয়েছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকদহ ইউনিয়নের মানিকদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে কর্মরত হারুন অর রশিদ সম্প্রতি ছুটিতে মানিকদহ ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাড়িতে আসেন। তাঁর মেয়ে দীপা একই ইউনিয়নের আদমপুর গ্রামের আইউব আলী ব্যাপারীর স্ত্রী।
মানিকদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারুলী আক্তারী বলেন, গতকাল সকালে হারুন অর রশিদ তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সদরপুর যাচ্ছিলেন। পুকুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কের মানিকদহ গ্রামের সিরাজ হাবিলদারের বাড়ির সামনে হারুন মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দীপা নিহত হন। হারুনকে প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, হারুন অর রশিদ মুকসুদপুর থানায় কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে পাঁচ মাস আগে তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত হন। সম্প্রতি তিনি চিকিৎসা ছুটি নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মীরেরচর গ্রামে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক রাশেদ মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে পুলিশ তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হোসাইন মোল্লা, মিরাজ মোল্লা ও রিয়াজ মোল্লা।