ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও ২৫ জন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর কাত হয়ে পড়ে গেলে ওই বাসের দুই যাত্রী নিহত হন। এঁরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার রাশেদ ফরাজির ছেলে এসকেন্দার ফরাজি (৪৮) এবং ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল গ্রামের মোহন ফকিরের শিশু ছেলে আল জাবেদ ফকির (৯ মাস)। এ দুর্ঘটনায় আহত হয় আরও ২৫ বাসযাত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন বলেন, মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িয়া ঘাট থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস (ফরিদপুর-ব-১২২) ফরিদপুরের ভাঙ্গা আসার পথে সলিলাদিয়া এলাকায় রাস্তার ওপর কাত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যান।
পাতরাইল গ্রামের পল্লি চিকিৎসক ইলিয়াস খান বলেন, দুর্ঘটনায় মোহন ফকিরের শিশু পুত্র মারা গেছে। আহত মোহন ফকিরের স্ত্রী শাহানাজ বেগম ও তাঁর বড় ছেলে গুরুতর আহত হন।
ভাঙ্গা হাসপাতালের চিকিৎসা সহকারী আক্তার হোসেন বলেন, আহত ২৫ জনের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।