ভাঙ্গায় ১২ ইউপির ছয়টিতে নিক্সনের পক্ষের জয়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়টিতেই জিতেছেন স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। চারটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যটিতে আরেক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ফরিদপুর-৪ (ভাঙ্গা ও সদরপুর) সংসদীয় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা বলেন, গত শনিবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের ভোটে স্বতন্ত্র সাংসদ-সমর্থিত প্রার্থীদের এমন বিজয়কে তাঁরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যার দুর্গে ‘নিক্সনের হানা’ হিসেবে দেখছেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই সঠিক হয়নি, অপেক্ষাকৃত ধনাঢ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও এলাকায় তাঁদের তেমন পরিচিতি বা প্রভাব ছিল না। এ কারণে ‘কাজীর দুর্গে’ সহজেই হানা দিতে পেরেছেন নিক্সন।
এলাকাবাসী বলছেন, মজিবুর রহমান চৌধুরী নৌকা ঠেকানোর জন্য পরিস্থিতির সদ্ব্যবহার করেছেন। তিনি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হওয়া ব্যক্তিদের কাছে টেনে নিয়েছেন। এলাকার জনপ্রিয় ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। এমনকি ভোটে জিততে বিএনপির নেতাদের দ্বারস্থ হতেও দ্বিধাবোধ করেননি তিনি। এ কাজে তিনি সফলও হয়েছেন। তবে ভাঙ্গার মানুষ হওয়ার জন্য আজিমনগর ইউনিয়নে নতুন বাড়ি করলেও সেখানে তাঁর প্রার্থীর ভরাডুবি হয়েছে।
এর আগে গত ২০ মার্চ ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মজিবুর রহমান চৌধুরী মেয়র পদে আবু জাফর মুন্সীকে সমর্থন দেন। আওয়ামী লীগের মনোনয়নে কাজী জাফর উল্যার পক্ষের আবু ফয়েজ মো. রেজা নির্বাচন করেন। ভোটে সাংসদের প্রার্থীকে হারিয়ে জাফর উল্যার প্রার্থী জয়লাভ করেন। কিন্তু ইউপি নির্বাচনে পরিস্থিতি পাল্টে যায়। ৭ মে একই সংসদীয় এলাকার সদরপুর উপজেলার আটটি ইউপিতে আওয়ামী লীগের দুজন প্রার্থী নির্বাচিত হন। চারটি ইউপিতে মজিবুর রহমান চৌধুরীর সমর্থিত প্রার্থীরা জয়ী হন। বাকি দুটি ইউনিয়নে জয় পান আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলায়েন বলেন, ‘আমাদের কয়েকজন প্রার্থী বাছাইয়ে কিছুটা ভুল ছিল। তবে যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা আমাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এ নির্বাচনে কাজী জাফর উল্যাহ হেরেছেন, নিক্সন জিতেছেন—এ মূল্যায়ন যথার্থ নয়।’
মজিবুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব জিয়াউল করিম বলেন, নিক্সন জনগণের প্রকৃত মেজাজ বোঝেন। সেভাবেই তিনি মনোনয়ন দেন। এ জন্য নির্বাচনে এ রকম আশাপ্রদ ফল হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এরপর এ দুটি উপজেলায় আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।