ভাঙ্গায় ১৪৪ ধারা জারি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বতন্ত্র সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ হাটখোলা মাঠ এলাকা, ঘারুয়া চার রাস্তার মোড় এলাকা ও শরিফাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা জানিয়ে মাইকিং করা হচ্ছে।
এলাকাবাসীরা বলেন, গতকাল সোমবার সকাল থেকে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী শরিফাবাদ হাটখোলা মাঠ এলাকায় নির্বাচনী সভা আহ্বান করেন। আসন্ন ঘারুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাঁর মনোনীত প্রার্থী আল হাবিবের সমর্থনে এ সভা আহ্বান করা হয়। গতকাল থেকেই এ নিয়ে মাইকিং করা হয়। কিন্তু গতকাল বিকেলে একই স্থানে কর্মী সমাবেশ আহ্বান করে ইউনিয়ন আওয়ামী লীগ মাইকিং করা শুরু করে। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, দুই পক্ষ একই সময়ে একই জায়গায় সভা আহ্বান করায় এলাকার শান্তি রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আজ দিবাগত রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে।
এ বিষয়ে সাংসদ মজিবুর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা চার দিন আগে জনসভা করার ঘোষণা দিয়েছি। কিন্তু এর দুদিন পর স্থানীয় আওয়ামী লীগ আমাদের সভা পণ্ড করতে পাল্টা সমাবেশ ডাকে। তবে সাংসদ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমরা ১৪৪ ধারা ভঙ্গ করব না। তবে দুঃখ হচ্ছে, এবার নিয়ে উপজেলা আওয়ামী লীগ আমাদের তিনটি সমাবেশ একই কায়দায় ভন্ডুল করে দিল।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সাংসদের আগে ওই জায়গায় সভা আহ্বান করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি।’