ভাঙ্গুড়ার বিদ্যালয়ে নৈতিক শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের নৈতিক জীবন গড়ার শিক্ষা দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ‘আসুন, নৈতিক জীবন গড়ি’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
উপাজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম পরীক্ষামূলকভাবে কার্যক্রমটির উদ্যোগ নিয়েছেন। সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সকালে ইউএনও বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া টিবিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউএনও শামসুল আলম বলেন, প্রাথমিকভাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। দ্বিতীয় ধাপে উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষককে সেমিনারের মাধ্যমে এ বিষয়ে ধারণা দেওয়া হবে। ওই শিক্ষকেরা বিদ্যালয়ে ফিরে বাকি শিক্ষকদের নৈতিক শিক্ষার ধারণা দেবেন। শিক্ষকেরা ক্লাস শুরুর আগে দুই থেকে তিন মিনিট এ বিষয়ে শিশুদের সঙ্গে কথা বলবেন। তাদের কথা শুনবেন। পর্যায়ক্রমে উপজেলা পরিষদের কর্মকর্তারা স্কুলগুলো পরিদর্শন করে ও শিক্ষার্থীদের নিয়ে কিছু পরীক্ষার মাধ্যমে প্রতিটি বিদ্যালয় থেকে তিনজন করে শিশু নির্বাচন করে পুরস্কৃত করবেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘উদ্যোগটি প্রশংসনীয়। উদ্যোগটি বাস্তবায়নের জন্য উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আশা করছি উদ্যোগটি বাস্তবায়িত হলে সমাজে কিছুটা হলেও নৈতিক অবক্ষয় কমবে।’