ভাঙ্গুড়ায় আট বছরেও শেষ হয়নি সেতু নির্মাণের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া ঘাটে গোমানী নদীর ওপর সেতু নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। ফলে শিক্ষার্থীসহ দুই পারের কয়েক লাখ মানুষকে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া ঘাটে গোমানী নদীর ওপর সেতু নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। ফলে শিক্ষার্থীসহ দুই পারের কয়েক লাখ মানুষকে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া ঘাটে গোমানী নদীর ওপর সেতু নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। দুই সরকারের আমলে সেতুর দুবার ভিত্তিপ্রস্তর স্থাপন, আটবার দরপত্র আহ্বান ও তিনবার ঠিকাদার পরিবর্তন করা হলেও বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে পাবনা ও সিরাজগঞ্জের চার উপজেলার কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকার অনেকে জানান, নদীর এপারে পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলা সদর, ওপারে ভাঙ্গুড়ার কিছু অংশসহ সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা। পাবনা অংশের বাসিন্দারা এ নদী পার হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও ঢাকায় যাতায়াত করেন। তাড়াশ ও উল্লাপাড়ার বাসিন্দারা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে পাবনা অংশে আসেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে বিএনপি সরকার এ নদীর ওপর একটি সেতু করার সিদ্ধান্ত নেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০০৬ সালের ১৯ অক্টোবর বিএনপির স্থানীয় সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম প্রথম সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর কাজ শুরু হয়। হঠাৎ কাজ বন্ধ করে ঠিকাদার চলে যান। ২০১২ সালের ১৭ মে আবার আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মকবুল হোসেন দ্বিতীয় দফায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজও শুরু হয়। কয়েক দিন কাজ করে ঠিকাদার চলে যান।
এলজিইডির ভাঙ্গুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮০ দশমিক ২৫ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ৮২ লাখ টাকা। প্রথম দফায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নিয়েছিল। তারা মাত্র দুটি স্তম্ভের কাজ করে চলে যায়। পরে ২০০৭-০৮ অর্থবছরে নাটোরের একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানটিও কিছু কাজ করে চলে যায়। এরপর পাঁচ-ছয়বার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নতুন করে কোনো ঠিকাদার পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ২০১২ সালে আমিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজ নেয়। প্রতিষ্ঠানটি ২০১৩ সালের প্রথমদিকে কাজ শুরু করে। কিছু কাজ হওয়ার পর তারাও চলে যায়। এর পর থেকে কাজ বন্ধ রয়েছে।
২১ আগস্ট সরেজমিনে দেখা যায়, গোমানী নদীর দুই পাশে সেতুর দুটি দেয়াল (অ্যাবাটমেন্ট ওয়াল) দাঁড়িয়ে আছে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় করে দুই পারের বাসিন্দাসহ সাইকেল, মোটরসাইকেল ও মালামাল পারাপার হতে দেখা যায়।
ভাঙ্গুড়ার নতুনপাড়া গ্রামের অমর কুমার জানান, প্রতিদিন দুই পারের হাজার হাজার মানুষকে বিভিন্ন কাজে নদীর এপার-ওপার যাতায়াত করতে হয়। একটি নৌকাই সবার ভরসা। কোনো কারণে নৌকাটির ইঞ্জিন বিকল হলেই পারাপার বন্ধ থাকে।
ভাঙ্গুড়ার অষ্টমনিষা গ্রামের সুলতান সরকার নামে এক ব্যবসায়ী বলেন, ‘প্রথম যহন বিরিজির কাম শুরু হয়ছিল, মনে করিছিলাম আবার কষ্ট দূর হবি। কিন্তু বারবার খালি কাম শুরুই হয়, শেষ আর দেখপের পারলেম না।’
ভাঙ্গুড়ার মমতাজ মোস্তাফা আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র আবির হোসেন জানায়, তার মতো প্রতিদিন কয়েক শ শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়।
এ প্রসঙ্গে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমির হোসেন জানান, বারবার সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরাও হতাশ হয়ে পড়েছেন। তিনি দুই পারের লাখ লাখ মানুষের চলাচলের সুবিধার জন্য দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান।
এ ব্যাপারে এলজিইডির ভাঙ্গুড়া কার্যালয়ের প্রকৌশলী রবিউল আওয়াল বলেন, ‘সেতুটির কাজ শেষ করতে আমাদের আন্তরিকতার অভাব নেই। লোকসানের আশঙ্কায় বারবার ঠিকাদারেরা কাজ বন্ধ করছেন। আমরা নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি শেষ করার চেষ্টা করছি। আশা করি, শিগগিরই পুনরায় কাজ শুরু হবে।’