ভাঙ্গুড়ায় কৃষককে গলা কেটে হত্যা, শেরপুরে লাশ উদ্ধার
পাবনার ভাঙ্গুরা উপজেলায় গত সোমবার এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।ভাঙ্গুড়ায় নিহত কৃষকের নাম জহিরুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী গ্রামে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ লাশটি লামকান বিল থেকে উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহতের পরিবার জানায়, জহিরুল ধানের জমিতে শ্যালোযন্ত্র দিয়ে পানি দেওয়ার কাজে প্রতি রাতেই বিলে থাকেন। সোমবার সন্ধ্যায় একই কাজে তিনি ওই বিলে যান। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে গলা কেটে হত্যা করে। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে হত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে।বগুড়ার শেরপুর উপজেলার চরকল্যাণী গ্রামের সাহেববাড়ী ঘাট এলাকার একটি ভুট্টাখেত থেকে পুলিশ গতকাল অজ্ঞাতনামা এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে। লাশটি এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় ছিল। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন জানান, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত ব্যক্তির পরনে ঘিয়ে রঙের জ্যাকেট, শার্ট ও কালো চেকের লুঙ্গি ছিল।