ভাঙ্গুড়ায় দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে তালা, বিক্ষোভ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা গত সোমবার তাঁর (প্রধান শিক্ষক) কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার তাঁরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে উপজেলা সদরে মিছিল ও মানববন্ধন করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ ছিলেন। সোমবার সকালে হঠাৎ করেই এর প্রকাশ ঘটে। সবাই একত্র হয়ে প্রধান শিক্ষককে তাঁর কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। একইভাবে গতকাল সকালে শিক্ষার্থী ও শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আবার বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিদ্যালয় ছেড়ে উপজেলা সদরের রেলপট্টি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন। পরে তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন।
বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক শওকত আলী কিছুদিন ধরে স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। তিনি বিভিন্ন গাইড বই তৈরির প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিয়ে তাদের গাইড বই শিক্ষার্থীদের পড়তে বাধ্য করছেন। বিদ্যালয়ে কোচিং ব্যবসা খুলে বসেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করেননি। এ ছাড়া বিভিন্ন সময় পরীক্ষা ও রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন। শওকত আলীর স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের জন্য বিদ্যালয়ের অন্য শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে বিদ্যালয়টিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় সবাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা আরও বলেন, প্রধান শিক্ষক নিজের পছন্দমতো লোক দিয়ে পরিচালনা পরিষদ তৈরি করে অর্থ আত্মসাৎ করেন। ২০১৩ সালে সরকারি এক নিরীক্ষায় তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এতে শিক্ষা মন্ত্রণালয় তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেয়। পরে তিনি উচ্চ আদালতে কিছু মামলা পরিচালনা করে বেতন-ভাতা ছাড় করান। সম্প্রতি পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে খণ্ডকালীন পরিচালনা পরিষদ তৈরি করা হয়। এতে ক্ষুব্ধ হন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের পছন্দের লোকদের আবার পরিচালনা পরিষদে নিযুক্ত করতে তিনি আদালতে একটি মামলা করেন। এতে বিভিন্ন জটিলতা তৈরি হয়ে অন্য শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্যই অন্য শিক্ষকদের বেতন বন্ধ হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক শওকত আলী বলেন, ‘আমি কোনো দুর্নীতি করিনি। সাবেক সভাপতি তাঁর পদে বহাল হওয়ার জন্য মামলা করায় শিক্ষকদের বেতন বন্ধ হয়েছে। এখানে আমার কিছু করার নেই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলী বলেন, ‘প্রধান শিক্ষকের কারণেই বিদ্যালয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও (ভারপ্রাপ্ত) মাহফুজা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দিন ধরে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছি। ভালোভাবে কিছুই জানি না। শুধু শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনেছি। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাব।’