ভাটই বাজারে কোনো পক্ষ সভা করতে পারেনি
প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বিএনপি ও যুবলীগ সভা করতে পারেনি। গতকাল শনিবার দুপুরে একই স্থানে ওই পক্ষ সমাবেশ আহ্বান করায় প্রশাসন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব অভিযোগ করেন, মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভাটই বাজার স্কুল প্রাঙ্গণে শনিবার দুপুরে তাঁরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাঁদের সমাবেশ বানচাল করতে যুবলীগ এক দিন আগে পাল্টা একটি সমাবেশ ডেকে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করায়।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উভয় পক্ষের সমাবেশ নিয়ে সহিংসতার আশঙ্কার কারণে প্রশাসনের অনুমোদনক্রমে ১৪৪ ধারা জারি করা হয়। এর কারণে শনিবার কোনো পক্ষ ওই স্থানে সমাবেশ করতে পারেনি।এদিকে সমাবেশ করতে না পেরে শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ জেলা নেতাদের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাসে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আবদুল মালেক, শৈলকুপা পৌরসভার মেয়র খলিলুর রহমানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।