ভাটার তাপে ফসল নাশ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের এআরএম ইটভাটার ধোঁয়া ও তাপে তিনটি গ্রামের আম, লিচু, ভুট্টাসহ কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ছাড়া ইটভাটার কারণে বিভিন্ন রোগবালাই দেখা দেওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কয়েক হাজার মানুষ৷
ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দািবতে এলাকাবাসী স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷
ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তিনি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেবেন৷
খামার দেবীপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ইটভাটার ধোঁয়া ও তাপে এ বছর প্রায় ২০০ বিঘা জমির ভুট্টা, ৬০ বিঘার আমবাগান, ২০ বিঘার লিচুবাগান নষ্ট হয়ে গেছে৷ এ ছাড়া জলপাই, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ ঝলসে গেছে৷ একই ধরনের কথা জানান একই গ্রামের আবুল কাশেম ও নির্মল সরেন, পূর্ব জয়দেবপুর গ্রামের লক্ষ্মণ, বিনোদনগর গ্রামের লোকমান হাকিম, আবুল কাশেমসহ অর্ধশতাধিক লোক৷
এলাকাবাসীর অভিযোগ, শুধু এ বছরই ইটভাটার কারণে প্রতি বিঘা ভুট্টাখেতে ১৫ হাজার টাকা, প্রতি বিঘা আম ও লিচুবাগানে ৫০ হাজার টাকা করে প্রায় কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে৷ এ ছাড়া ইটভাটার ধোঁয়া ও তাপে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিয়েছে৷
ইটভাটার মালিক আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বৈধভাবেই ইটভাটা করছেন৷ বর্তমানে দেশের তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানকার ফসলের ক্ষতি হয়েছে, ইটভাটার কারণে নয়৷ তিনি কাউকে ফসলের ক্ষতিপূরণ দিতে চাননি বলেও দাবি করেন৷
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, খামার দেবীপুর গ্রামে ফসলি জমি ও জনবসতির মধ্যেই স্থাপন করা হয়েছে এআরএম ইটভাটা৷ ইটভাটাটির পাঁচ গজের মধ্যেই রয়েছে জনবসতি৷ ইটভাটার ধোঁয়া ও তাপে খামার দেবীপুর, বিনোদনগর ও পূর্ব জয়দেবপুর গ্রামের খেতের ভুট্টাগাছগুলো ঝলসে গেছে, ভুট্টাগুলো কালো হয়ে গেছে, আম ও লিচু পচে গেছে৷
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শেখ মো. এরশাদ জানান, ইটভাটার ধোঁয়ায় টক্সিনসহ বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক থাকে৷ এতে করে শ্বাসতন্ত্রে প্রদাহ, হাঁপানিসহ ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷ ইটভাটার তাপে শরীরের চামড়ায় বিভিন্ন ধরনের জটিল রোগ দেখা দেয়৷