ভাটার পেটে বিদ্যালয়!
যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নে দোদাড়িয়া প্রাথমিক (নিবন্ধিত) বিদ্যালয়ের সীমানা ঘেঁষে একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। ইটকাটাযন্ত্রের বিকট শব্দ, চিমনির কালি, কালো ধোঁয়া ও ইট পোড়ানোর উৎকট গন্ধে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।পরিবেশ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ভাটার পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। ইতিমধ্যে ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পেছনে উত্তর দিকে ইটকাটার যন্ত্রটি বসানো হয়েছে। পূর্বদিকে ইট পোড়ানোর চিমনি। চিমনির চারদিকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কাঠ। শ্রমিকেরা সেই কাঠ চুল্লিতে ফেলছেন। কয়লা দিয়ে ইট পোড়ানোর নিয়ম থাকলেও কোথাও কয়লা দেখা যায়নি। বিদ্যালয়ের দক্ষিণে শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠ পার হলেই কাঁচা সরু রাস্তা। ওই রাস্তা দিয়ে চলাচল করছে ইট বহনকারী ট্রলি। এ কারণে মাঠে ঝুঁকি নিয়ে খেলাধুলা করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের তিন পাশে ইটভাটার কাজ চলছে। হঠাৎ দেখলে মনে হবে, ইটভাটার পেটে বুঝি চলছে বিদ্যালয়ের কার্যক্রম।একাধিক শিক্ষার্থী বলে, ‘চিমনির কালো ধোঁয়া ও কালিতে গা গেইজে (ময়লা) যায়। পোড়া গন্ধে পেট ফুলে যায়। মাঠ কালি কালি অয়ে যায়। মাঠের পাশ দিয়ে অনর্গল ইটের গাড়ি যায়।’ প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, আগে মাঠের মধ্যে দিয়ে ইট বহনকারী ট্রলি চলাচল করত। ভাটার মালিকদের সঙ্গে কথা বলে সেটি বন্ধ করা হয়েছে। এখন মাঠের সামনের রাস্তা দিয়ে ট্রলি চলে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে ১১৪ জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। শিক্ষক আছেন চারজন। বিদ্যালয় স্থাপনের নয় বছর পর অনুমোদন ছাড়াই ১৯৯৯ সালে ইটভাটাটি স্থাপন করা হয়। ভাটার মালিকানার অংশীদার মো. নুরুজ্জামান কাঠ পোড়ানোর সত্যতা স্বীকার করে বলেন, ‘কয়লার দাম বেড়ে যাওয়ায় ১০-১৫ দিন ধরে কাঠ ব্যবহার করা হচ্ছে। কাঠও তেমন পাওয়া যেত না। ঝড়-বৃষ্টির কারণে এখন কাঠ পাওয়া যাচ্ছে।’ তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতিমধ্যে ৫০ হাজার টাকা জারিমানা গুনতে হয়েছে। ভাটার কারণে বিদ্যালয়ের পাঠদানে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পূর্ব পাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হবে। নুরুজ্জামান আরও জানান, ভাটার প্রকৃত মালিক মনিরামপুর উপজেলা যুবলীগের এক নেতা। তাঁরা কয়েকজন ইজারা নিয়ে চালাচ্ছেন।পরিবেশ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। ইট পোড়ানোর কোনো অনুমোদনও নেই। ঘটনাস্থল পরিদর্শন করে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা অত্যন্ত আপত্তিকর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।