ভাটার মালিকদের টনক নড়ছে না
রাজশাহী ও রংপুর বিভাগের এক হাজারের বেশি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদনহীন ও অবৈধ চিমনির ইটভাটাকে জিগজ্যাগ কিলন ভাটায় রূপান্তরের সুযোগ দেওয়া হলেও গত দুই বছরে তেমন সাড়া মেলেনি৷ এ ছাড়া ২০১৩ সালের সরকারি প্রজ্ঞাপনে চলতি বছরের ৩০ জুনের মধ্যে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকা থেকে সব ধরনের ইটভাটা সরিয়ে ফেলতে বলা হয়৷
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় মোট দেড় হাজার ইটভাটা আছে৷ এর মধ্যে ১২০ ফুট উঁচু চিমনিবিশিষ্ট এক হাজার ৬৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার একটিরও পরিবেশগত ছাড়পত্র নেই। প্রচলিত আইন অনুযায়ী এসব ইটভাটা অবৈধ। দুই বিভাগের ১৬ জেলায় ৪৩৪টি জিগজ্যাগ কিলন ইটভাটার মধ্যে ৪৯টির পরিবেশগত ছাড়পত্র নেই।
পরিবেশ অধিদপ্তর, বগুড়ার বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, ২০১২ সালের সেপ্টেম্বরে ১২০ ফুট উঁচু চিমিনর ইটভাটাগুলোকে দুই লাখ টাকা জরিমানা দিয়ে জিগজ্যাগ কিলন ভাটায় রূপান্তরের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ভাটামালিকেরা নানাভাবে কালক্ষেপণ করে এখনো ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভাটা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছুতেই এসব অবৈধ ভাটার কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। এই সময়ের মধ্যে মাত্র ৪০-৫০টি ভাটা জিগজ্যাগ রূপান্তরিত হয়েছে৷
তিনি আরও বলেন, ২০১৩ সালের ১৩ অক্টোবর সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে আগামী ১ জুলাই থেকে সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকা থেকে সব ধরনের ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকা থেকে সব ধরনের ভাটা অপসারণের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কয়েকজন বিশেষজ্ঞ বলেন, চিমিন ইটভাটায় বেিশর ভাগ পোড়া ছাই বাতাসের মাধ্যমে লোকালয়ে ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষিত করে; যা মানুষের ফুসফুসের ক্ষতি করছে৷ অন্যদিকে জিগজ্যাগ কিলন ইটভাটায় পানির সঙ্গে ছাইয়ের মিশ্রণ তলানিতে জমা পড়ে৷ ফলে ভাটার ছাই পরিবেশের ক্ষতি করতে পারে না।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় খেতের ফসল নষ্ট হচ্ছে৷ বিভিন্ন এলাকা থেকে ফসলে ক্ষতিকর প্রভাব পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষ ইটভাটার কারণে বোরো ফসল নষ্ট হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে৷
রংপুরের বদরগঞ্জ উপজেলায় অনুমোদনহীন বেশ কিছু ইটভাটার কারণে পরিবেশ, প্রকৃতি ও ফসল হুমকির মুখে পড়লে উচ্চ আদালত গত ২ এপ্রিল এসব ইটভাটা বন্ধের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে কয়েকটি ইটভাটা বন্ধ করে দেওয়া হলেও অন্যগুলোর তৎপরতা এখনো থেমে নেই।
বগুড়া পরিবেশ উন্নয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘আইন লঙ্ঘন করে লোকালয় ও ফসিল জমিতে ইটভাটা স্থাপন করা হচ্ছে। বগুড়া পৌর এলাকায় বহু ইটভাটা রয়েছে। সরকার সময় বেঁধে দিলেও এখন পর্যন্ত একটি ভাটাও অপসারণ করা হযনি৷ ৩০ জুনের মধ্যে শহর এলাকার সব ইটভাটা বন্ধ করা না হলে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নামব।’