
কক্সবাজার সমুদ্রসৈকতে ঝুঁকি নিয়ে গোসল করছেন পর্যটকেরা। ভাটার সময় গোসলে না নামা ও সতর্কতামূলক প্রচারণার জন্য সৈকত ব্যবস্থাপনা কমিটির আটজন উদ্ধারকর্মী নিয়োগ দিলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।
উদ্ধারকর্মীরা (ডুবুরি) বলেন, ৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে সমুদ্রসৈকতের সি-ইন পয়েন্টে গোসল করতে নেমে মারা যান ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ (২৫)। তিনি দিনাজপুর সদরের গিয়াস উদ্দিন আহমদের ছেলে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় সৈকতের লাবণি পয়েন্টে স্থাপিত ‘সুইমিংজোনে’ গিয়ে দেখা গেছে, বিপুলসংখ্যক পর্যটক গলাসমান পানিতে নেমে গোসল করছেন। কোমরসমান পানিতে না যাওয়ার জন্য প্রশাসন ৫০০ মিটার জায়গায় সীমারেখা (রশির সঙ্গে অসংখ্য প্লাস্টিক বোতল বেঁধে ভাসিয়ে) টেনে দিলেও পর্যটকেরা তা মানছেন না। হাঁটুপানিতে নেমে উদ্ধারকর্মীরা পর্যটকদের সতর্ক করে বাঁশি বাজাচ্ছেন। পর্যটকদের সেদিকে খেয়াল নেই।
উদ্ধারকর্মী বাহিনীর প্রধান খোরশেদ আলম (৩০) বলেন, ‘সীমানার বাইরে না যাওয়ার অনুরোধ করছি। তার পরও সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। অনেকে সীমানার বাইরে নিষিদ্ধজোন সি-গাল, সি-ইন, কলাতলী, শৈবাল ও ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট দিয়ে সমুদ্রে গোসলে নামছেন। এতে অনেকে বিপদেও পড়ছেন। গত সাত দিনে এক তরুণীসহ ১১ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল বলেন, ভাটার সময় সমুদ্রে গোসলে নামা বিপজ্জনক। তা ছাড়া সুইমিংজোনে এখন উত্তর-দক্ষিণ লম্বা একটি গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আটটি পয়েন্টে উদ্ধারকর্মীরা বাঁশি বাজাচ্ছেন। কিন্তু পর্যটকেরা এসবে কান দিচ্ছেন না। অনেক সময় পর্যটকেরা উদ্ধারকর্মীদের গালমন্দ ও মারধর করেন।
প্রস্তুতি সভা: ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম প্রমুখ।