ভাটারায় পানিতে ডুবে তরুণের মৃত্যু
রাজধানীর ভাটারা এলাকায় পানিতে ডুবে মো. সাগর (১৯) নামের এক তরুণ মারা গেছেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জলাশয়ে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভাটারার নতুনবাজার-সংলগ্ন ১০০ ফুট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগরের বন্ধু রিফাত বলেন, তাঁরা কয়েক বন্ধু আজ সকালে নতুন বাজার ১০০ ফুট এলাকায় ঘুরতে যান। এ সময় ওই এলাকার একটি জলাশয়ে গোসল করতে নামেন সাগর। একপর্যায়ে পানিতে ডুবে গেলে সাগরকে জলাশয়ের নৌকার মাঝিরা উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা একটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাগরের বাড়ি বরগুনা জেলার সদর থানায়। তাঁর বাবার নাম জাকির হোসেন। পরিবারের সঙ্গে রাজধানীর শাহজাদপুর এলাকায় থাকতেন তিনি।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) লাইসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সাগরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।