ভাটারায় বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের
ভাটারা থানা এলাকার নতুন বাজারে গতকাল রোববার সকালে বাসের চাপায় তৃপ্তি শংকর তালুকদার (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি ভাটারার বাঁশতলায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র বলেছে, তৃপ্তি শংকর সরকার সপরিবারে মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকে থাকতেন। গতকাল সকালে তিনি ক্যামব্রিয়ান কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। সকাল নয়টার দিকে বাড্ডার নতুন বাজারে বাস থেকে নামেন এবং হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তৃপ্তি শংকরের ভাই দীপ্তি শংকর তালুকদার বলেন, কী কারণে তাঁর ভাই কলেজে যাচ্ছিলেন, তা তিনি জানেন না। তাঁদের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার পশ্চিম কালীবাড়ি এলাকায়।
ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, চালকসহ বাসটি আটক করা হয়েছে। স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য নিয়ে গেছেন।