ভাটারায় যুবকের আত্মহত্যা
সাইদুল ইসলাম (২২) মঙ্গলবার দুপুরে মাকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেই চা-দোকানে বসেন। রাতে বাড়ি ফিরে সেই ছেলেই আত্মহত্যা করবেন, লাশের সামনে দাঁড়িয়েও এ কথা বিশ্বাস করতে পারছিলেন না মা। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে অনবরত কেঁদেই যাচ্ছিলেন সাইদুলের মা সখিনা বেগম। তিনি চা-দোকানি, বাবা রইস মিয়া গাড়িচালক। তাঁদের বাসা ভাটারায়।
মর্গের সামনে থাকা সাইদুলের আত্মীয়স্বজন বলেন, দুপুরে ভাত খেয়ে মায়ের চা-দোকানে গিয়েছিলেন সাইদুল। মাকে বিশ্রাম নিতে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। দোকানদারি করে রাতের বেলা বাসায় ফিরে সাইদুল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ ডাকাডাকি করেও সখিনা ছেলের সাড়া পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি ছেলেকে ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করেন। তখনো পর্যন্ত সাইদুল বেঁচে ছিলেন। সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় সাইদুলের বাবা রইস মিয়া বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন। শেষবারের মতো ছেলের মুখ দেখতে পাননি বলে কাঁদছিলেন।
ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানান, সাইদুলের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে।