ভাটায় পুড়িয়ে মারার মামলার পর কিশোর জীবিত উদ্ধার
সাতক্ষীরায় এক কিশোরকে অপহরণ করে ইটভাটায় পুড়িয়ে মারার অভিযোগে মামলা হয়েছে। কিন্তু ওই কিশোরকে জীবিত অবস্থায় গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে শ্রীপুরের কেওয়া গ্রামের আবদুস ছামাদের বাড়ি থেকে মো. ইসরাফিল (১৫) নামের ওই কিশোরকে উদ্ধার করা হয়। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তারানিপুর গ্রামের আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় পুলিশ দুই নারীকে আটক করেছে। তাঁরা হলেন মরিয়ম আক্তার সাথি (৪০) ও তাঁর মেয়ে মর্জিনা (২৬)। তাঁরা আবদুল মজিদের আত্মীয়।
পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের কেওয়া গ্রামের আবদুস ছামাদের বাড়িতে মেয়ে মর্জিনাকে নিয়ে ভাড়া থাকেন মরিয়ম। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কিশোর ইসরাফিলকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে মরিয়ম ও মর্জিনাকে। তাঁদের সাতক্ষীরা থানার পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম ও মর্জিনা বলেছেন, তাঁরা প্রায় দেড় বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় শারা নিট কম্পোজিট কারখানায় তাঁরা চাকরি করেন। দুই দিন আগে ইসরাফিল তাঁদের বাসায় এসেছে। মামলার বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আবদুল মজিদ তাঁর ছেলেকে অপহরণ করে জ্বলন্ত ইটভাটায় পুড়িয়ে হত্যার অভিযোগে ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার আদালতে মামলাটি করেন। ওই মামলায় পৈইখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুর রহিম, তাঁর বড় ভাই শেখ আবদুর রহমানসহ আট ব্যক্তিকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরার শ্যামপুর থানায় মামলাটি রুজু হয়।
এসআই বলেন, ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে অপহরণের মামলাটি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।