ভাটিনা গ্রামে অভয়ারণ্য
মানুষের ভালোবাসায় নির্ভয়ে উড়ে বেড়ানো পাখির কলকাকলিতে মুখরিত এক গ্রামের নাম ভাটিনা। এ গ্রামে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখিদের অভয়ারণ্য গড়ে তোলা হবে। গতকাল মঙ্গলবার সরকারি খাসপুকুরে দেশি প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করার পর সাংসদ ইকবালুর রহিম এ ঘোষণা দেন। দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে এ গ্রামটি অবস্থিত। গতকাল সকালে ভাটিনা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ভুবন যুব সমবায় সমিতির ইজারা নেওয়া ‘চাকলা’ পুকুরে মাছের পোনা ছাড়েন সাংসদ ইকবালুর রহিম। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান, মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম, মো. বাবুল আকতার ছাড়াও শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।সাংসদ বলেন, ‘এ গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হতে হয়। তা ছাড়া পাখপাখালির প্রতি এ গ্রামের বাসিন্দাদের আছে বুকভরা ভালোবাসা। এ প্রকৃতি আর ভালোবাসাকে মূলধন করে এখানে “জীববৈচিত্র্য রক্ষা এবং পাখিদের অভয়ারণ্য” গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।’ এরই অংশ হিসেবে গ্রামের কাঁচা রাস্তাটি পাকা করারও প্রতিশ্রুতি দেন তিনি। আলোর ভুবন যুব সমবায় সমিতির সভাপতি মো. একরামুল হক জানান, ভাটিনা গ্রামে ১৫-১৬ বছর আগে পাখি আসা শুরু করে। পাখিদের নিরাপদ আবাস তৈরি করতে গ্রামের যুবকেরা মিলে গড়ে তোলেন সংগঠনটি। বর্তমানে এলাকার আড়াই শতাধিক নারী-পুরুষ সংগঠনটির সদস্য।গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, এখানে বিভিন্ন জাতের বক, রাতচোরা, পানকৌড়ি, মাছরাঙা, ঘুঘু, শালিক, দোয়েল, শ্যামা, বুলবুলি, চড়ুই, ঘুটকর, হট্টিটি, চাতক পাখির অবাধ বিচরণ। গ্রামের শিশুরাও এসব পাখির উপকারিতা সম্পর্কে জানে। প্রতিদিন এখানে বহু মানুষ পাখি দেখতে আসে। কিন্তু বন্দুক তো দূরের কথা, তাদের কাউকে লাঠি নিয়েও ঢুকতে দেয়া না শিশুরা। কেউ যাতে পাখি মারতে না পারে, সে জন্যই তাদের এ সতর্কতা।গ্রামের মো. আবুল হাছেন (৭৬) বলেন, ‘দেশর সব গ্রামত আর গাছত পাখি বইসে না। ভাটিনা গ্রামের মানুষ পাখি মারে না, পাখি খায় না। কিন্তুক পাখির থাকিবার আর খাবার ব্যবস্থা করিছে।’ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান জানান, পাখি সংরক্ষণে অবদান রাখায় আলোর ভুবন সংগঠনের ইজারা নেওয়া পুকুরে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রায় দেড় মণ মাছের পোনা ছাড়া হয়েছে।