ভাটিয়ারীকে ‘চ্যাপ্টার এরিয়া’ ঘোষণা নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকাকে চ্যাপ্টার এরিয়া (সেনানিয়ন্ত্রিত এলাকা) ঘোষণা করা নিয়ে গতকাল রোববার স্থানীয় প্রশাসনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির আপাতত অবসান হয়েছে বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিনিধি ও আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় প্রশাসন আরেক দফা বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়। ভাটিয়ারীকে চ্যাপ্টার এরিয়া ঘোষণার প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে আন্দোলনকারীরা ইতিপূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। চ্যাপ্টার এরিয়ার ঘোষণা বাস্তবায়ন করা হলে অনেককে ঘরবাড়ি-ছাড়া হতে হবে বলে স্থানীয় লোকজনের আশঙ্কা। আন্দোলনকারীদের এ আশঙ্কা দূর করতেই গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সাংসদ আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ এবং চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও কর্নেল আবু জুবায়ের মো. নঈম এবং আন্দোলনকারীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, চ্যাপ্টার এরিয়া ঘোষণার পর হাইকোর্টে একটি মামলা হয়। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাটিয়ারীতে কেউ কিছু করতে পারবে না। জমি অধিগ্রহণ করতে হলে তা জেলা প্রশাসকের মাধ্যমে করতে হবে। সেনাবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বৈঠকে বলেছেন, ভাটিয়ারীতে চ্যাপ্টার এরিয়া করার আপাতত কোনো ইচ্ছা তাঁদের নেই। একইভাবে আন্দোলনকারীদের প্রতিনিধিও বলেছেন, কোনো অবস্থায় সেখানে চ্যাপ্টার এরিয়া করতে দেওয়া হবে না।