ভাটিয়ারীতে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির ভাটিয়ারীর সোনাইছড়ি এলাকায় বোটানিক্যাল গার্ডেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গতকাল শনিবার সকালে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জানা গেছে, বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ৪০ কোটি টাকা ব্যয় হবে। সীতাকুণ্ডের জঙ্গল ভাটিয়ারী মৌজার প্রায় ২২৫ একর জমির ওপর বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের’ অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে। গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এখানকার সবুজ বৃক্ষরাজি যে পরিমাণ কার্বন ধারণ করবে, তা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অনেক ভূমিকা রাখবে। জানা গেছে, বোটানিক্যাল গার্ডেনের জন্য নির্বাচিত এলাকার রক্ষিত বনে বিলুপ্তপ্রায়, দেশি-বিদেশি প্রজাতির ফলদ, বনজ, ভেষজ, বাঁশ, বেত, শোভাবর্ধক অর্কিড, ক্যাকটাস ও পামসহ বিদ্যমান গাছপালা সংরক্ষণ ও রোপণ করা হবে। বাগানের ভেতর মনোরম হ্রদ তৈরি, ইকো-ট্যুরিজম, গোলাপ বাগান, মৌসুমি বাগান ও নার্সারি সৃষ্টি, বাটার ফ্লাই কর্নার স্থাপন, ঝুলন্ত সেতু, পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ, স্নেকস কর্নার স্থাপন, ইকো-লজ স্থাপন ও হারবোরিয়াম হাউস নির্মাণ করা হবে। চট্টগ্রামের বনসংরক্ষক সফিউল আলম চৌধুরীর সভাপতিত্ব ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালাম ও প্রধান বনসংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ।আন্তর্জাতিক কনভেনশন সেন্টার: ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আদলে চট্টগ্রামে একটি ‘আন্তর্জাতিক এক্সপোজিশন অ্যান্ড কনভেনশন সেন্টার’-এর জায়গা নির্বাচনের জন্য বন্দর এলাকা পরিদর্শন করেন।