ভাটিয়ারীর ঘাসে কালো তেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল স্ক্র্যাপ জাহাজের পোড়া কালো তেলে ছেয়ে গেছে। একটি জাহাজভাঙা কারখানা থেকে বর্জ্যতেলগুলো ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভাটিয়ারী স্টেশন এলাকায় সাগরপারের ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানা থেকে ওই পোড়া তেল ছড়িয়েছে। কারখানাটিতে একাধিক জাহাজ কাটা হচ্ছে। পোড়া বর্জ্য কালো তেল ছড়িয়ে পড়ে কারখানাটির পাশে উপকূলের পাথর, ঘাসে কালো রঙে লেপ্টে গেছে।
নাম না প্রকাশের শর্তে ফেরদৌস স্টিলের এক শ্রমিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক সপ্তাহে আগে ইঞ্জিনকক্ষ কাটার সময় বর্জ্যের ট্যাংক ফুটো হয়ে কালো তেল সাগরে ছড়িয়ে পড়ে। জোয়ার-ভাটার কারণে কালো তেল কারখানাটির উত্তর ও দক্ষিণ পাশের উপকূলে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ভাটার সময় সাগর উপকূলে খালি জায়গায় গরু চড়াতেন তিনি। কিন্তু কালো তেলে লেপ্টে যাওয়া ঘাস গরুকে খাওয়ানো যাচ্ছে না।
কারখানাটির ব্যবস্থাপক মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, তাদের জাহাজ থেকে কালো তেল ছড়িয়ে পড়েছে বলে তাঁর বিশ্বাস হচ্ছে না। আশপাশের কোন কারখানা থেকে কালো তেলগুলো উপকূলে ছড়িয়ে পড়তে পারে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবেন। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।