ভাড়া কমল লঞ্চ ও স্পিডবোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চভাড়া জনপ্রতি ৫ টাকা ও স্পিডবোটের ভাড়া ৩০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে শিমুলিয়া-কাঁঠালবাড়ি পথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোট মালিকদের সংগঠনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে ঘাট স্থানান্তরের ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে দূরত্ব কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
এই নৌপথে ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ লঞ্চের ভাড়া এবং ২০১৩ সালে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছিল। এত দিন ধরে পদ্মা নদীর এই পথে লঞ্চে ভাড়া নেওয়া হয়েছে ৩৫ টাকা ও স্পিডবোটে ১৫০ টাকা করে। 
নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলা নাথ দে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচলের (যাত্রী পরিবহন) সহসভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মো. সহিদুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির (মাওয়া অঞ্চল) সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, স্পিডবোট মালিক সমিতির মো. আতাহার আলী বেপারী, মো. দেলোয়ার হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি পথে নৌযানে বাড়তি ভাড়া আদায় নিয়ে ৫ ফেব্রুয়ারি ‘দূরত্ব কমলেও ভাড়া কমেনি’ শিরোনামে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।