পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া দেড় বছর ধরে নির্ধারিত ভাড়া না দিয়ে সরকারি বাড়িতে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলা পরিষদের সরকারি বাসা বরাদ্দ কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জাকির হোসেন মিয়া নাজিরপুরে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে উপজেলা পরিষদ এলাকায় কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি বাসভবনের দ্বিতীয় তলার পূর্বপাশের একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস শুরু করেন। জাকির হোসেন মিয়ার মূল বেতন ৩১ হাজার ৯৮০ টাকা। বাসাভাড়া ওই বেতনের ৪০ শতাংশ। সে হিসাবে প্রতি মাসে বাড়ি ভাড়া পান ১২ হাজার ৭৯২ টাকা। সরকারি বাড়িতে বসবাস করলে প্রতি মাসে বাসা ভাড়ার টাকা কেটে বেতন উত্তোলন করতে হয়। কিন্তু যোগদানের পর থেকে গত মে মাস পর্যন্ত এক বছর আট মাস তিনি বেতন থেকে বাড়ি ভাড়ার টাকা কর্তন করেননি।
উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশলীর বাড়িভাড়া বেতন থেকে কেটে না রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, হিসাবরক্ষণ কার্যালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া উপজেলা পরিষদের নির্দিষ্ট হিসাব নম্বরে ব্যাংকে জমা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘প্রতি মাসে বেতন থেকে বাড়ি ভাড়া দিচ্ছি, অথচ উপজেলা প্রকৌশলী ভাড়া দিচ্ছেন না। বাসা বরাদ্দ কমিটির সদস্যসচিব হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করছেন।’
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া বলেন, ‘গেজেটেড কোয়ার্টার ভবনটি উপজেলা পরিষদের সভায় ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে প্রতি কক্ষ ১ হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে তিন কক্ষের ভাড়া কোষাগারে জমা দিয়ে সপরিবারে বসবাস করে আসছি।’ তবে বেতন বিলে নিজ হাতে লেখা সরকারি বাড়ি ব্যবহার না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান বলেন, উপজেলা পরিষদের সভায় সরকারি কর্মকর্তাদের বাড়ি ব্যবহারে অনুপযোগী ঘোষণা করা হয়নি। উপজেলা প্রকৌশলী যোগদানের পর থেকে সরকারি বাড়িতে বসবাস করলেও তিনি নির্ধারিত বাড়ি ভাড়া দেননি।
বাসা বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম বলেন, ‘আমি সদ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। তবে উপজেলা প্রকৌশলীর সরকারি বাড়ি ব্যবহার করে নির্দিষ্ট ভাড়া না দেওয়ার কথা শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’