ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদে নৌযানে ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো নৌযান অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঘাট ছেড়ে যেতে পারবে না। ঈদের আগে মাওয়া ঘাটে এসব বিষয়ে নজরদারির জন্য সব সময় ‘মোবাইল কোর্ট’ রাখা হবে।
গতকাল শনিবার বিকেলে ঈদের পূর্বপ্রস্তুতি দেখতে মাওয়া ঘাট পরিদর্শনকালে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, লাইফ জ্যাকেট ছাড়া ঘাটের কোনো স্পিডবোট পদ্মায় চলাচল করতে পারবে না।
শাজাহান খান আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে মাওয়া ঘাট স্থানান্তর করে নতুন ঘাট শিমুলিয়ায় নিয়ে যাওয়া হবে। পদ্মা সেতুর মূল কাজ শুরুর আগেই স্থানান্তরের কাজ শেষ করা হবে।
মাওয়া পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, পরিচালক (বন্দর) আবুল বাসার, বিআইডব্লিউটিসির এজিএম আশিকুজ্জামান প্রমুখ।