ভাড়াটে সেজে স্বর্ণালংকার লুট
ব্রাহ্মণবাড়িয়ায় গত শনিবার ভাড়াটে সেজে আরেক ভাড়াটের বাসায় ঢুকে গৃহকর্ত্রীকে অচেতন করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুই প্রতারক। শহরের দাতিয়ারা মহল্লার ‘পেয়ারা কুটির’ নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
পেয়ারা কুটিরের মালিক সাইদুল হক জানান, গত বৃহস্পতিবার মধ্যবয়সী এক পুরুষ ও নারী তাঁর বাসার নিচতলার একটি ফ্ল্যাটের ভাড়া বিষয়ে কথা বলেন। এ সময় তাঁরা অগ্রিম ভাড়া বাবদ এক হাজার টাকা দিয়ে যান। গত শনিবার সকালে এসে তাঁর কাছ থেকে চাবি নিয়ে নিচতলার বাম পাশের ফ্ল্যাটে ঢুকে তাঁরা কক্ষ পরিষ্কার করেন। পরে কৌশলে পাশের ফ্ল্যাট থেকে ওই স্বর্ণালংকার নিয়ে যান।
নিচতলার অন্য ফ্ল্যাটের ভাড়াটে হাফিজুর রহমান জানান, ওই দিন বেলা ১১টার দিকে পাশের ফ্ল্যাটের ওই নারী ও পুরুষ তাঁদের বাসায় ঢুকে তাঁর স্ত্রীর কাছে খাওয়ার পানি চান। তাঁদের একটি গ্লাস ও এক জগ পানি দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই একটি পেঁপে কেটে দিতে অনুরোধ করেন ওই নারী। এরপর প্রতারক ওই নারী ও পুরুষ তাঁকে (হাফিজুর) চুলা কিনে দেওয়ার অনুরোধ করে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দেন। তিনি (হাফিজুর) বাজারে যাওয়ার পরই দুজন প্রতারক মিলে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটান।
হাফিজুরের স্ত্রী জানান, তাঁর স্বামী বাজারে যাওয়ার পরপরই ওই নারী তাঁর শয়নকক্ষে ঢোকেন। তাঁর পেছনেই প্রতারক পুরুষটি তাঁদের বাসায় ঢুকে বালতিভর্তি পানিতে একটি কাঠি দিয়ে নাড়া দেন। ওই পানি থেকে ধোঁয়া বের হলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দুই প্রতারক তাঁর পরনে ও আলমিরাতে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন।
সদর থানার ওসি আবদুর রব বলেন, ‘যেকোনো প্রতারণা ও বিপদ থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত নিয়ে তবেই তাঁকে বাসা ভাড়া দেওয়া উচিত।’