ভাড়াটেদের তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি সৈয়দপুরে
ভাড়াটেদের সম্পর্কে তথ্য দিতে নীলফামারীর সৈয়দপুর শহরে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে কোনো গৃহকর্তা এ তথ্য প্রদান না করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সৈয়দপুর শহরটি হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ। এ শহরে বেশির ভাগ নাগরিক বাইরে থেকে আসা, যাঁরা ভাড়াটে হিসেবে অবস্থান করে চাকরি, ব্যবসা, বাণিজ্য করেন। এ ধরনের একটি ঘনবসতিপূর্ণ শহর অপরাধীর অভয়ারণ্য হরে উঠতে পারে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে রংপুর-দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদে যেসব অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, এর সঙ্গে সৈয়দপুরের যোগসূত্র খুঁজছে পুলিশ। দিনাজপুরের ইসকন মন্দিরে যে হামলা হয়েছে, এতে জড়িত ব্যক্তিরা সৈয়দপুর শহরের একটি হোটেলে দুপুরের খাবার খেয়েছিলেন বলে গোয়েন্দাদের অনুমান।
এ বিষয়ে সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ভাড়াটেদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কোনো প্রকার তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সৈয়দপুর থানায় হটলাইন স্থাপন করা হয়েছে। নম্বরটি হলো ০১৯৭১৩৭৩৯১০।