ভাড়াটের তথ্য সংগ্রহে ডিএমপির বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসাধারণের শান্তি বিঘ্নকারী যেকোনো উদ্যোগ প্রতিহত করাসহ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে ‘দ্রুত যেকোনো’ পদক্ষেপ গ্রহণ করা যাবে—ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার এমন উপবিধিটি বহাল রেখেছেন হাইকোর্ট।
বাড়ির মালিক ও ভাড়াটেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশ বিধিমালায় বিধি-৩ এর একটি উপবিধিতে যুক্ত ‘যেকোনো পদক্ষেপ’ শব্দগুলোর বৈধতা নিয়ে করা রিট আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাধীন ওই ক্ষমতা বৈধ, উপযুক্ত, স্বচ্ছ ও আইনগত হতে হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। আদালত বলেছেন, পক্ষপাতমূলকভাবে এটি ব্যবহার করা যাবে না। অপব্যবহার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন। ভাড়াটের তথ্য প্রদানে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে কোনো তথ্য অপূর্ণ থাকলে তা নিতে বাধ্য করা যাবে না। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে ‘দ্রুত যেকোনো’ পদক্ষেপ গ্রহণ করা যাবে, এমন উপবিধিটি বৈধ বলে রায় দিয়েছেন।
বর্তমান প্রেক্ষাপটে জঙ্গি দমনে ওই বিধির আলোকে ঢাকা মহানগর পুলিশের নেওয়া পদক্ষেপের যৌক্তিকতা আছে বলে রায়ে বলা হয়, জানান মোতাহার হোসেন।
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছর নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ। তবে এভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ নেই দাবি করে তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ চেয়ে মার্চে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ২০০৬ সালের ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালা অনুসারে সন্ত্রাস দমনে মহানগর পুলিশ ‘যেকোনো পদক্ষেপ’ নিতে পারে যুক্তিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৩ মার্চ রিট খারিজ করে দেন।
অন্যদিকে, ২০০৬ সালের ১৯ অক্টোবর জারি হওয়া ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার বিধি-৩ এর ৪ (খ) উপবিধির বৈধতা চ্যালেঞ্জ করে ২০ মার্চ আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের অন্য একটি দ্বৈত বেঞ্চ ২৭ মার্চ রুল দেন।
রুলে ঢাকা মহানগর পুলিশ (নির্দেশনা ও নিয়ন্ত্রণ) বিধিমালার ৩ বিধির ৪ (খ) উপবিধিতে যুক্ত ‘যেকোনো’ শব্দটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা হবে না, তা জানতে চাওয়া হয়। পরদিন রুল বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়, চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠান।
এর ধারাবাহিকতায় ৭ এপ্রিল শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন। রুলের ওপর শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করলেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
২০০৬ সালের পুলিশ বিধিমালায় কমিশনারের ক্ষমতা-সংক্রান্ত বিধি-৩ এর ৪ (খ) উপবিধি অনুসারে, জনসাধারণের শান্তি বিঘ্নকারী যেকোনো উদ্যোগ প্রতিহতকরণসহ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে দ্রুত যেকোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে।