বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় জাতীয় অর্থনীতির উন্নয়নে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুতের ব্যবহারের বড় ধরনের অবদানের তথ্য পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদন নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, স্বল্প মেয়াদে এসব কেন্দ্রের মাধ্যমে পাওয়া বিদ্যুতের অবদান ইতিবাচক হলেও দীর্ঘ মেয়াদে তা হবে না। তাই এখন সময় এসেছে ওই সব কেন্দ্র পরিত্যাগ করে বড় কেন্দ্রের মাধ্যমে সাশ্রয়ী দামের বিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করা।
গতকাল শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরির সভাপতিত্ব ও সঞ্চালনায় ওই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, গবেষক আহসান মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, পিডিবির সাবেক চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক প্রমুখ এতে বক্তব্য দেন।
আলোচনায় উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন এক কিলোওয়াট ঘণ্টা বাড়লে সামষ্টিক অর্থনীতিতে উৎপাদন বাড়ে ৪৬ থেকে ১০৭ টাকা পর্যন্ত (১৯৯৫-৯৬ সালের মূল্যকে স্থির ধরে)। ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের অবদান ২৩ হাজার ৩১২ কোটি টাকা থেকে এক লাখ ২১ হাজার ১৬৮ কোটি টাকা (২০১১-১২ অর্থবছরের মূল্য বিবেচনায়)।
তবে এই গবেষণায় অর্থনীতিতে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া বিদ্যুতের অবদান পর্যালোচনা করে দেখা হয়েছে। এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে যে বিপুল ব্যয় হয়, তা কিংবা সেই ব্যয়ের তুলনায় অর্থনীতিতে বিদ্যুতের অবদান পর্যালোচনা করা হয়নি। এসব বিষয়েও গবেষণা পরিচালনা করা হবে বলে মোস্তফা কামাল মুজেরি বলেছেন।