ভাত আনতে গিয়ে শিশু ধর্ষণের শিকার
বিয়েবাড়ির উদ্বৃত্ত ভাত আনতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৮) ধর্ষণের শিকার হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেল চারটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের সিকদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সুবির সিকদার জানান, কানাইপুর গ্রামের সিকদারবাড়ির জীবন সিকদারের নাতনির বিয়ের পরদিনের অনুষ্ঠানে খাবার বেঁচে যায়—এ খবর পেয়ে ইউনিয়নের মৃগী এলাকার শিশুটি তার নানিকে নিয়ে ওই বাড়িতে যায়। অনেক ভাত বেঁচে গেছে দেখে শিশুটি এগুলো নেওয়ার জন্য পলিথিন খুঁজছিল। এ সময় ওই বাড়িতে উপস্থিত চেক শার্ট পরা এক অজ্ঞাতনামা তরুণ ওই শিশুকে পলিথিন দেওয়ার কথা বলে বিয়েবাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরের একটি চালকলের তুষের ঘরে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।জীবন সিকদারের ছেলে সঞ্জয় সিকদার জানান, এ ঘটনা বাড়ির বিয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আইরিন পারভীন বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে।শিশুটির বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, দ্বিতীয় শ্রেণীর মেধাবী ওই ছাত্রী চলমান বার্ষিক পরীক্ষা দিচ্ছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ধর্ষণকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত জব্দ করেছি। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’